প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫

চাটখিলে দুইটি অবৈধ ইটভাটাকে বন্ধ ও অর্থদণ্ড

উপজেলা প্রতিনিধি, চাটখিল ; ইটভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে জেলার চাটখিলে ভ্রাম্যমাণ আদালত দুইটি অবৈধ ইটভাটাকে বন্ধ ও ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। বুধবার ১২ ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার মোহাম্মদপুরে এসএমবি ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা ও খিলপাড়া ইউনিয়নের নাহারখিলে রুপালি ব্রিক ফিল্ডকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় ইটভাটার চুল্লী, পোড়ানোর জন্য তৈরি ইট প্রভৃতি এক্সক্যাভেটর ও ফায়ার সার্ভিসের সাহায্যে ধ্বংস করা হয়।

অবৈধ ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, চাটখিল থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করে। চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, পরিবেশ রক্ষায় এসব অবৈধ ইটভাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন