
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ শক্তির প্রভাবে অতিরিক্ত জোয়ারে প্লাবিত হয় নোয়াখালীর হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকা। এতে চরঈশ্বর ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে অবস্থানরত অন্তত ৩০টি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পাশে দাঁড়িয়েছে হাতিয়া উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আলাউদ্দিন চরঈশ্বর ইউনিয়নের মাইচ্ছা মার্কেট সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের প্রত্যেককে এক বান করে ঢেউটিন, নগদ ৩ হাজার টাকা এবং ১৫ কেজি করে চাল বিতরণ করেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা, স্থানীয় সাংবাদিক এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।
হাতিয়া উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপের প্রভাবে উপজেলার নলচিরা, সুখচর, চরঈশ্বর, তমরদ্দি, সোনাদিয়া, নিঝুমদ্বীপ, হরনী ও চানন্দী ইউনিয়নের নিম্নাঞ্চল এবং বেড়িবাঁধের বাইরের বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সহায়তায় তালিকা প্রস্তুত করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, ঘূনিঝড় শক্তির অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবার পর্যায়ক্রমে সহায়তা পাবে। যেসব পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, তাদের পুনর্বাসনের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি ইউনিয়নে তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
ঘূর্ণিঝড় শক্তি ও জোয়ারের ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখতে ইউএনও বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে ত্রাণ সহায়তার নির্দেশনা দেন। সেই নির্দেশনার আলোকে প্রকল্প বাস্তবায়ন অফিস দ্রুত তালিকা প্রস্তুত করে ত্রাণ বিতরণ শুরু করে।
আপনার মতামত লিখুন :