প্রকাশিত: ৬ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ৬ জুন, ২০২৫

কোম্পানীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও নারী সদস্যদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর সংবাদ সংগ্রহে গেলে অভিযুক্তরা সাংবাদিকদের ওপরও মারমুখী আচরণ করেন।

শুক্রবার (৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরকালী গ্রামের বেলায়েত হোসেনের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার পর পুরুষশূন্য ওই বাড়িতে দেশীয় অস্ত্রসহ ২০-২৫ জন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়। এতে রোকসানা আক্তার, নুর নাহার, আনোয়ারা বেগম, নয়নতারা ও জেসমিন আক্তার আহত হন। ওইদিন রাতেই ভুক্তভোগী রোকসানা আক্তার কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, পুরনো জমি বিরোধের জেরে শাহজাহান, বাহার উল্যাহ, আবুল কালাম ওরফে বাদশা, জিসান, তামিম, সাইফুল, গোলাম সারোয়ারসহ ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা চালায়। তারা ঘরের আলমিরার তালা ভেঙে ৫ ভরি স্বর্ণালঙ্কার, তিনটি পরিবারের কোরবানির পশু কেনার জন্য রাখা দুই লাখ টাকা এবং ৬টি স্মার্টফোন লুট করে নিয়ে যায়। হামলাকারীরা টিনের ঘর, আসবাবপত্র ও তৈজসপত্র ভাঙচুর করে আনুমানিক ১৫-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে।

শুক্রবার ওই ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্ত ইকবাল হোসেন বাহার ও আবুল কালাম ওরফে কালা সাংবাদিকদের ওপর সন্ত্রাসী কায়দায় চড়াও হয়ে অশোভন আচরণ করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিমল চন্দ্র কর্মকার জানান, “একই ঘটনায় উভয়পক্ষ দুটি পৃথক অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন