প্রকাশিত: ১৩ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ জুন, ২০২৫

বেগমগঞ্জে ইমামের বাড়িতে সশস্ত্র হামলা লুটপাট, ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি : পূর্ব শত্রুতার জেরে বেগমগঞ্জ উপজেলায় এক মসজিদের ইমাম মাওলানা আবদুল ওয়াদুদ (৫৫)-এর বাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টায় কুতুবপুর ইউনিয়নের আবদুল্লাপুর (মিজি বাড়ি) এলাকায় সংঘটিত এই হামলায় ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালানো হয়। হামলায় ইমামের স্ত্রীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

ভুক্তভোগী মাওলানা ওয়াদুদ জানান, মাহফুজুর রহমান (৩০), মমিন (৩০) এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন সশস্ত্র লোক জোরপূর্বক তার বসতভিটায় প্রবেশ করে। হামলাকারীরা রান্নাঘরের আসবাবপত্র লুট করে নিয়ে যায় এবং তাকে ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে পিটিয়ে আহত করে। তিনি বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র হাতে তাকে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে দুর্বৃত্তরা। কোনোমতে পালিয়ে তিনি প্রাণে বাঁচেন।

মাওলানা ওয়াদুদের অভিযোগ, হামলাকারীরা তার দখলকৃত জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণ করেছে এবং প্রায় ১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই হামলাকারীরা তাকে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছিল। হামলার সময়ও তারা তাকে হুমকি দিয়ে বলে, “তুই এলাকায় থাকলে তোকে জ্যান্ত মেরে ফেলবো।”

এই ঘটনার পর থেকে মাওলানা ওয়াদুদ ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তা ও বিচার দাবি করে বলেন, “আমার পরিবারের জীবনের নিরাপত্তা নেই। যদি এখনই ব্যবস্থা নেওয়া না হয়, ওরা আমাদের রক্ত ঝরাবে।”

এই হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, “মাওলানা সাহেব একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন