প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৬ আগস্ট, ২০২৫

খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন হান্নান মাসউদ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
শুক্রবার (১৫ আগস্ট) হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজার জামে মসজিদে তিনি এ প্রার্থনা করেন।

উপস্থিত মুসুল্লিদের উদ্দেশে আবদুল হান্নান মাসউদ বলেন, বেগম খালেদা জিয়া বাংলার একমাত্র আপষহীন নেত্রী। উনি যদি আপষ করতেন, তাহলে হয়তো এত বড় একটা গণঅভ্যুত্থান এদেশে হতো না। শেখ হাসিনার পতনের ঘটনাও ঘটতো না। উনি অসুস্থ। উনার সুস্থতার জন্য আমরা সবাই মন খুলে দোয়া করি।
হান্নান মাসউদ আরও বলেন, নদী ভাঙনে ভূমিহীন বাজারের চারপাশে অনেককিছু বিলীন হয়ে গেছে। আমরা সরকারের কাছে নদী ভাঙন রোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই। আমরা সবাই মিলে হাতিয়াকে এমনভাবে গড়বো, যাতে হাতিয়া পুরো দেশের কাছে একটি মডেল উপজেলায় পরিণত হয়। এখানে নদী ভাঙন বন্ধ করতে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে চেয়ারম্যান ঘাট এলাকায় নদী ভাঙনকবলিত এলাকায় জিওব্যাগ ডাম্পিং কাজ পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
এ সময় জাতীয় নাগরিক পার্টির জেলার সংগঠক কাজী তানভীর, ইয়াছিন আরাফাত, মেহেদী হাসান সীমান্ত ও হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী সামছল তিব্রিজ, ইউসুফ রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন