প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৬ আগস্ট, ২০২৫

কোম্পানীগঞ্জে অটোরিকশা চালককে হত্যা, সুবর্ণচরে লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে এক অটোরিকশা চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নুর ইসলাম মিয়ার বাড়ির পাশ থেকে চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম মো. রফিকুল ইসলাম (৫৫)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফজল হক মিয়ার বাড়ির আক্কেল আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই-তিন মাস আগে রফিকুল ইসলাম একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনেছিলেন। সোমবার দুপুরে খাবার খেয়ে তিনি অটোরিকশা নিয়ে বের হন। কিন্তু রাতে আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ পান। পরদিন সকালে স্থানীয়রা নুর ইসলাম মিয়ার বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
নিহতের গলায় দড়ির দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ফেলে রেখে অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন,“প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহের গলায় দড়ির দাগ, বাম হাতের আঙুল থেতলানো এবং পিঠে জখম রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন