
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার ফল অনুযায়ী বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম। তিনি বলেন, দুই দিন আগে মেয়রের স্ত্রী আকতার জাহান বকুল করোনা আক্রান্ত হন। পরে শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় পরীক্ষা করে মেয়র কাদের মির্জার শরীরেও করোনা শনাক্ত করা হয়। তাদের দুজনকে পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বাড়িতে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পারিবারিক সূত্র জানায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেয়র আবদুল কাদের মির্জার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
মেয়র আবদুল কাদের মির্জা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। তিনি ১৯৯৮ সালে প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বসুরহাট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০১১ সাল থেকে টানা তিনবার প্রথম শ্রেণির পৌরসভা বসুরহাটের মেয়র নির্বাচিত হন।
এরই মধ্যে আবদুল কাদের মির্জা নির্বাচন ব্যবস্থাসহ নোয়াখালী আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয়ে কঠোর সমালোচনা করে ফেসবুকে লাইভ করে সারা দেশে আলোচিত হন। তিনি বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
আপনার মতামত লিখুন :