প্রকাশিত: ১০ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ১০ জুলাই, ২০২৪

চাটখিলে ৪ টন ভারতীয় চিনিসহ এক চোরাকারবারি আটক

উপজেলা প্রতিনিধি, চাটখিল : সচাটখিলে পিকআপ ভর্তি চার টন ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় মো. রিয়াদ হোসেন (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) ভোরে মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মো. রিয়াদ হোসেন চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়াখলা গ্রামের আরিফুর রহমানের ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরানপুর এলাকায় অভিযান চালিয়ে ত্রিপল মোড়ানো একটি নীল রঙের পিকআপ আটক করা হয়। পরে ওই গাড়ি থেকে ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে। এ সময় গাড়িসহ চালক মো. রিয়াদ হোসেনকে রক্তাক্ত অবস্থায় আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, চিনিগুলো কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে আনা হয়েছে।

পরে কুমিল্লার মনোহরগঞ্জ পুলিশের তাড়া খেয়ে গাড়ি নিয়ে তিনি নোয়াখালীর দিকে চলে আসেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। পরে বিকেলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন