প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩০ আগস্ট, ২০২৪

সাফজয়ী যুবাদের সংবর্ধনা দেবে সরকার

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। আর শিরোপাজয়ী দলকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই খবর দেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, ‘আমাদের খেলার অঙ্গন থেকে দুইটা ভালো খবর এসেছে। একটা হচ্ছে সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়ন ২০২৪, এটাতো বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। আজকে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত যে, আমরা তাদের জন্য একটা সংবর্ধনার আয়োজন করব।’

এর আগে, রাওয়ালপিণ্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে উপদেষ্টা পরিষদের পক্ষে থেকে বাংলাদেশ ক্রিকেট দলকেও অভিনন্দন জানান তিনি।

রিজওয়ানা হাসান বলেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়েছে। আমরা মনে করছি খেলোয়াড়দের মধ্যে এই যে একটা উদ্যোম এসেছে, এটাকে ধরে রাখার জন্য তাদেরকে অভিনন্দন জানানো দরকার। সেজন্য আমাদের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সকল খেলোয়াড়, কোচ এবং বোর্ডকে অভিনন্দন জানিয়েছি।’

আরও পড়ুন