
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে চারটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বুধবার (২০ মার্চ) রাত ৩টার দিকে সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড, জিয়া নগরের পাশে আজিম খাঁর বাড়িতে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে তা ভয়াবহ রূপ নেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে শাহজাহান, সলমা, সহেল ও রাসেদের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আরেক প্রত্যক্ষদর্শী মহিন উদ্দিন রিসাদ বলেন আমরা ঘুমিয়ে ছিলাম, হঠাৎ চিৎকার শুনে বের হয়ে দেখি আগুন লেগেছে। সবাই মিলে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেছি, কিন্তু মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। কিছুই বাঁচাতে পারিনি।
স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, আগুন এতটাই ভয়াবহ ছিল যে, কয়েক মিনিটের মধ্যেই ৪টি ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই সব শেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন একেবারে নিঃস্ব হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
তারা বলেন, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছি। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সহায়তার ব্যবস্থা করা হবে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চরম হতাশা ও অনিশ্চয়তা বিরাজ করছে। দ্রুত সরকারি সহায়তা না পেলে তারা চরম বিপাকে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :