
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : মাটি ব্যবসাকে কেন্দ্র করে বেগমগঞ্জে খুনের ঘটনা ঘটেছে। নিহত ওই ব্যক্তির নাম জাকির হোসেন (৪৫)। মঙ্গলবার (১৪ মে) দুপুর তিনটার দিকে বেগমগঞ্জ উপজেলার আমিন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিন্হ রয়েছে।
নিহত জাকির সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের মুরাদপুরের তিনতেড়ি এলাকার রফিকুল্লাহর ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
জানা যায়, জাকিরের বিরুদ্ধে খুন সহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে। তিনি মাটি ব্যবসা করতেন। এই ব্যবসাকে কেন্দ্র করে সোনাপুর ইউনিয়নের হীরাপুর খলিফা বাড়ির আবুল কাশেমের ছেলে নজরুল (৩০) ওরফে খোঁড়া নজরুল ও ইদ্রিসের ছেলে ইউসুফের সাথে তার দ্বন্দ্ব ছিলো।
নজরুল যুবদলের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। এর আগে নজরুলের অবৈধ মাটি ব্যবসার প্রতিবাদ করায় গত ৪ এপ্রিল সোনাপুর কলেজ ছাত্র রাসেলের ওপরে হামলা চালায়। এছাড়া গত ৫ই আগষ্টের পর থেকে তার বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, আধিপত্য বিস্তার সহ নানা অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, মাটি ব্যবসা, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটেছে। এক গাড়ি মাটি কাটতে বিএনপির নেতা নজরুল নিতেন ১৬০০ টাকা। অপর দিকে নিহত জাকির এক গাড়ি মাটি বিক্রি করতেন ১২০০ টাকায়। এই ব্যবসায়ীক দ্বন্দকে কেন্দ্র করে গত রবিবার (১১ মে) সকাল ১২ টার সময় হীরাপুর-মুরাদপুর হাপরে জাকিরের মাটি কাটা এস্কেভেটর মেশিন জ্বালিয়ে দেয় প্রতিপক্ষরা। এর পরে মঙ্গলবার দুপুরে জাকিরকে চৌমুহনী চৌরাস্তা এলাকা থেকে তুলে নিয়ে হত্যা করা হয়।
নামপ্রকাশে অনিচ্ছুক জাকিরের এক সহযোগী জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাটি ব্যবসা করতে জাকিরকে খুন করা হয়েছে। এর আগে জাকিরের ভেকু মেশিন জ্বালিয়ে দেওয়া হয়। নজরুল গ্রুপের ইউসুফ, তুহিন, সাদ্দাম, সুজন, রাসেল, রাকিব, বাপ্পি, সাগর, সালাউদ্দিন, রায়হান, বাবু, টাইগার মাসুদ, রাজু সহ অনেকে এই খুনের সাথে যুক্ত রয়েছেন।
অভিযোগের বিষয়ে কথা বলতে নজরুলের মুঠোফোনে একাধিকবার কল দিলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান জানান, নিহত জাকির সোনাইমুড়ী এলাকার শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তাকে হত্যা করে লাশ বাংলাবাজার এলাকায় ফেলে রেখে যাওয়ার সময় স্থানীয় জনগণ দু’জনকে আটক করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু’জনকে আটক করেছে। এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও যুক্ত করেন তিনি।
আপনার মতামত লিখুন :