
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : ফেনীর সোনাগাজী এবং কোম্পানীগঞ্জ উপজেলার সংযোগকারী ছোট ফেনী নদীর উপর নির্মিত সেতুটির পশ্চিম পাশের ব্লকের অংশগুলো ধীরে ধীরে নদীতে ধ্বসে পড়ছে।
এতে সেতুটির স্থায়িত্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং অল্প সময়ের মধ্যে দুই উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রায় ৫০৪.৭৫ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি সোনাগাজী ও কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সেতুটির বর্তমান অবস্থা দুই পাড়ের মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হতে পারে।
যদি সেতুটি ধ্বসে পড়লে, সোনাগাজীর কাজীরহাট, দারোগারহাট, কেরামতিয়া বাজার, জমদ্দার বাজার, চান মিয়ার দোকান এবং ওলামাবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোর সঙ্গে কোম্পানীগঞ্জের চরহাজারী, চরপার্বতী, মৌলভীবাজার, কদমতলা, বসুরহাট ও চৌধুরী হাটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এতে প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ চরম ভোগান্তির শিকার হবে। নদী পাড়ি দেওয়ার জন্য প্রতিদিন প্রায় এক থেকে দেড় হাজার মানুষকে নানা সংকট এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।
সেতুটির ধ্বসে পড়ার প্রধান কারণ হিসেবে নদীর ওপারে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের দায়ী করা হচ্ছে। এর ফলে ইতোমধ্যে সবুজ, জয়নালসহ অনেকের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা সেতুটির অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে গণমাধ্যমের সহায়তা চেয়েছেন।
এই গুরুত্বপূর্ণ সেতুটির অবস্থা নিয়ে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। সেতুটি নিয়ে জরিপ এবং মেরামতের কাজ দ্রুততার সাথে শুরু না হলে, দুটি উপজেলার মানুষের জীবনে অসহনীয় দুর্ভোগ নেমে আসতে পারে।
আপনার মতামত লিখুন :