
ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে গণ বিশ্ববিদ্যালয় (গবি)। শিরোপা নির্ধারণী ফাইনালে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে গণ বিশ্ববিদ্যালয়।
রোববার (৩০ জুলাই) বিকেলে আশুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে ফাইনাল ম্যাচে নির্ধারিত ৭০ মিনিটের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়। এরপর রুদ্ধশ্বাস টাইব্রেকারে জয় তুলে নেয় গণ বিশ্ববিদ্যালয় টিম।
ফারইস্ট টিম প্রিমিয়ার লিগের ৯ খেলোয়াড়কে নিয়ে শক্তিশালী দল গড়েছিল। ম্যাচ শুরুর পর প্রথম দশ মিনিটে বেশ কয়েকটি আক্রমণ চালিয়ে গবিকে কোণঠাসা করে ফেলেছিল তারা। তবে পরের ১৫ মিনিটে নিজেদের গুছিয়ে নিয়ে বেশ কয়েকবার ফারইস্টের ডিফেন্সের পরীক্ষা নেয় গবি টিম।
এরপর প্রথমার্ধের শেষ দশ মিনিটে ফারইস্ট টিম দারুণ দুটি আক্রমণ করলেও গবির গোলরক্ষক ও ডিফেন্সের কাছে আটকে যায়। যে কারণে প্রথমার্ধের নির্ধারিত ৩৫ মিনিটে কাঙ্ক্ষিত জালের দেখা পায়নি। এতে গোলশূন্য অবস্থায়ই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলের খেলোয়াড়দের শরীরী ভাষায় প্রচণ্ড গরমে ক্লান্তির ছাপ লক্ষ্য করা যায়। ফলে অনেকটা এলেমেলো ফুটবল খেলতে থাকে তারা। তবে তুলনামূলক কিছুটা গোছানো খেলা দেওয়া যায় সাইফের গবি টিমে। কিন্তু তেমন কোনো আক্রমণ না হওয়ায় অনেকটা নিষ্প্রাণ খেলায় শেষ হয় নির্ধারিত ৭০ মিনিট।
ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারের প্রথম শটে মিঠুনের গোল ও প্রতিপক্ষের শট পোস্টবারে লাগায় এগিয়ে যায় গবি। তবে আগের ম্যাচের নায়ক ফয়সাল দ্বিতীয় শটটি মিস করার সুযোগে সমতা আনে ফারইস্ট।
এরপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শটে সাইফ, সুমন ও অমিত গোলে করায় এবং ফারইস্টের তরিকুল চতুর্থ শটে গোল করতে ব্যর্থ হলে ৪-২ ব্যবধানে জয়ী হয় গবি টিম।
আপনার মতামত লিখুন :