
উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া চাটখিল উপজেলায় তাঁর শেষ কর্মদিবসে রামনারায়নপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রথম জন্ম নেওয়া শিশু ‘‘প্রথমা”-কে নগদ টাকা ও উপহার সামগ্রী প্রদান করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মাহমুদুল হাসান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জনাব জাকির হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠার দীর্ঘ ৩০ বছর পরেও কেন্দ্রটিতে কোন প্রসব হয় নি। ২০২২ সালের আগস্ট মাসে উপজেলা প্রশাসন, পরিবার পরিকল্পনা বিভাগ ও রামনারায়নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ হরুন অর রশিদ (বাহার) এর উদ্যোগে কেন্দ্রটি সংস্কার ও মেরামত করার পর প্রথম নরমাল ডেলিভারীরর জন্য প্রস্তত করা হয় কিন্তু সেবা প্রদানকারী মিডওয়াইফ কিংবা আয়া না থাকায় সেবা দেওয়া যাচ্ছিলো না। পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান তাঁর নিজস্ব তহবিল থেকে মিডওয়াইফ এবং আয়া নিয়োগ দিয়ে নরমাল ডেলিভারী চালু করেন। মোঃ রাজু ও রুনু আক্তার দম্পতি সেবা কেন্দ্রে নরমাল ডেলিভারীর মাধ্যমে একটি কন্যা সন্তান জন্ম দেন। উপজেলা নির্বাহী অফিসার শিশুটির নাম রাখেন ‘‘প্রথমা”।
এ ব্যাপারে মুহাম্মদ ইমরানুল হক ভূইঁয়া বলেন, বাড়িতে অদক্ষ ধাত্রী দ্বারা ডেলিভারী না করিয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রশিক্ষিত মিডওয়াইফ দ্বারা ডেলিভারী করানোর জন্য সকলকে অনুরোধ করেন। একইসাথে জনপ্রতিনিধি, সমাজের বিত্তবানদের সেবাকেন্দ্রটিতে নরমাল ডেলিভারী চালু রাখতে সহযোগীতার আহবান জানান।
আপনার মতামত লিখুন :