প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৩

চাটখিলের প্রথম নারী ইউএনও ফাহমিদা মুস্তফা স্বর্ণা

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলায় প্রথমবারের মতো ফাহমিদা মুস্তফা স্বর্ণা নামের একজন নারী নির্বাহী অফিসার (ইউএনও) যোগদান করেছেন। এর আগে তিনি কক্সবাজারের রামু উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চাটখিল উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব বুঝে নেন তিনি।

চাটখিল উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্বভার গ্রহণের সময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ফাহমিদা মুস্তফা স্বর্ণাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৮৩ সালের ১ আগস্ট চাটখিল উপজেলার যাত্রা শুরু হয়। ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের সমন্বয়ে এই উপজেলাটি গঠিত। খাঁন মো. বেলায়েত হোসেন ছিলেন এই উপজেলার প্রথম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। ফাহমিদা মুস্তফা স্বর্ণা এই উপজেলার ৩১তম ও প্রথম নারী ইউএনও। এর আগে একজন একজন নারী সহকারী কমিশনার (ভূমি) ১২ দিনের জন্য ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে সাময়িকভাবে এই দায়িত্ব পালন করেছিলেন।

জানা যায় চট্টগ্রামের মেয়ে ফাহমিদা মুস্তফা স্বর্ণা ৩৩তম বিসিএস প্রশাসন ক্যাডারে ৩৮তম মেধাক্রমে উত্তীর্ণ হয়ে ৭ আগস্ট ২০১৪ খ্রিস্টাব্দে রাজশাহী জেলায় সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়ি জেলা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়েও দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করা এই কর্মকর্তা। ২০১৯ সালের সেপ্টেম্বরে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন তিনি।

২০১৯ সালের অক্টোবর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি চট্টগ্রাম ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ৩ অক্টোবর ২০২১ থেকে ৩ আগস্ট ২০২২ পর্যন্ত খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় এবং ৮ আগস্ট ২০২২ থেকে কক্সবাজার জেলার রামু উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন এই কর্মকর্তা। দিঘীনালা উপজেলায় কর্মরত থাকাকালীন তিনি ২০২১-২০২২ অর্থবছরে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরষ্কার লাভ করেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা মুস্তফা স্বর্ণা বলেন, চাটখিল উপজেলায় প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি খুবই আনন্দিত। সবার সহযোগিতা নিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই।

এবিষয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা করেছেন এটা তার একটা নজির। আমাদের সমাজে নারীরা পিছিয়ে নেই। আমাদের নোয়াখালী জেলায় বেশ কয়েকজন নারী ইউএনও রয়েছেন। আশাকরি তার উপর অর্পিত সকল দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।

আরও পড়ুন