প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২৩

আওয়ামী লীগের প্রার্থীকে জুতা দিয়ে আঘাতের চেষ্টা, যুবক আটক

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমের একটি নির্বাচনি সভা চলাকালে স্টেজের কাছে এসে প্রার্থীকে জুতা দিয়ে মারার চেষ্টা করেন আলাউদ্দিন (৩৬) নামের এক যুবক। পরে উপস্থিত নেতাকর্মীরা তাকে আটক করে ব্যাপক মারধর করেন। খবর পেয়ে পুলিশ আলাউদ্দিন নামের ওই যুবককে উদ্ধার করেছে। এ ঘটনার ১৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আলাউদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃত আলাউদ্দিন সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে।

এদিকে এ ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে। ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, নির্বাচনী সভার সঞ্চালক একজন বক্তার নাম ঘোষণা করে মাইক্রোফোন এগিয়ে দেওয়ার সময় ওই ব্যক্তি জুতা হাতে নিয়ে মঞ্চে বসা এমপি মোরশেদ আলমকে লক্ষ্য করে আঘাতের চেষ্টা করেন। এ সময় আঘাতটি সভার সঞ্চালকের হাতে লাগে। তাৎক্ষণিক নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সোমবার বিকালে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে দমদমা বাজারে নির্বাচনী সভার আয়োজন করে। সভাকে কেন্দ্র করে দুপুরের পর থেকে আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকেন। সন্ধ্যার আগে মঞ্চে আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোরশেদ আলম।

কেশারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় এবং আওয়ামী লীগ নেতা জীবন চৌধুরীর পরিচালনায় মঞ্চে উপস্থিত নেতারা পর্যায়ক্রমে বক্তব্য রাখছিলেন। সাড়ে ৫টার দিকে জীবন চৌধুরী বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উপস্থিত গোলাম মোস্তফার নাম ঘোষণা করে তার দিকে মাইক্রোফোন এগিয়ে দিতে গেলে মঞ্চের সামনে থাকা আলাউদ্দিন ডান হাতে একটি জুতা নিয়ে স্টেজের ওপরে থাকা মোরশেদ আলমকে লক্ষ্য করে আঘাত করেন। এ সময় জুতার আঘাত মোরশেদ আলম হাত দিয়ে প্রতিহত করলে গায়ে লাগেনি, তবে জীবন চৌধুরীর হাতে লেগেছিল। পরে উত্তেজিত নেতাকর্মীরা ওই যুবককে আটক করে সভাস্থলের এক পাশে নিয়ে এলোপাতাড়ি মারধর করেন।

উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কবির বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা মনে করি এটি বিচ্ছিন্ন ঘটনা। আমাদের প্রোগ্রাম যথা নিয়মে শেষ হয়েছে। তবে বিষয়টি দেখে মনে হচ্ছে পরিকল্পিত। কেউ যদি এটার সাথে জড়িত থাকে তাহলে আমরা বের করতে পারবো। সত্য কখনো লুকায়িত থাকেনা।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, অভিযুক্ত যুবক আলাউদ্দিনকে আটক করে থানায় আনা হয়েছে। তবে আটককৃত আলাউদ্দিন কে, কী করে বা কার সমর্থক তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • সেনবাগ এর আরও খবর